নারায়ণগঞ্জের আড়াইহাজারে বালুর মাঠের পাশে পড়ে থাকা মস্তকবিহীন যুবকের মরদেহ উদ্ধারের চার দিনের মধ্যেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে পরকীয়াজনিত বিরোধের তথ্য পাওয়া গেছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।
তিনি জানান, শুক্রবার রাতে ঢাকার মধ্যবাড্ডা এলাকা থেকে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মো. রুহুল আমিন ওরফে রাব্বিকে (২৬) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়।
মস্তকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া নিহত রংমিস্ত্রির নাম আবরাহাম খান ওরফে আলিম খান (২৭)।
পিবিআই জানায়, গত ১৬ ডিসেম্বর সকালে আড়াইহাজার উপজেলার শ্রীনিবাসদী এলাকায় বালুর মাঠসংলগ্ন রাস্তার পাশে একটি মস্তকবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে পিবিআইর ক্রাইম সিন টিম ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রুহুল আমিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পিবিআইর তদন্তে উঠে এসেছে, নিহতের সঙ্গে গ্রেপ্তার আসামির খালার পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে নিহত ব্যক্তি ওই নারীকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে রুহুল আমিন ও তার খালা পরিকল্পিতভাবে তাকে হত্যার সিদ্ধান্ত নেন।
পিবিআই জানায়, গ্রেপ্তার হওয়া আসামির খালা ও অন্য জড়িত অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিকে শনিবার আদালতে পাঠানো হবে। মামলার তদন্ত কার্যক্রম চলমান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন