সিরাজগঞ্জের রায়গঞ্জে গোয়ালঘর থেকে মো. কাজিম উদ্দিন (৪০) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে নিজ বাড়ির গোয়ালঘর থেকে তার মরেদেহ উদ্ধার করা হয়।
নিহত কাজিম উদ্দিন উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে মৃত সামান আলী শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে কোনো এক সময় নিজ গোয়ালঘরে থাকা রশির সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মো. কাজিম উদ্দিন। সকালে পরিবারের সদস্যরা তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।
খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন