রংপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা পুলিশ প্রশ্নপত্র ফাঁসকারী একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনসহ অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী তার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে একই দিন দুপুরের দিকে রংপুর মহানগরীর পুলিশ লাইনস সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি মোড় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে মো. গোলাম কিবরিয়া এবং গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র।
সনাতন চক্রবর্তী বলেন, একটি সংঘবদ্ধ চক্র আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে ডিজিটাল ডিভাইস সরবরাহের উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন