ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশনে পৃথক অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই দুই কারবারি হলো ব্রাহ্মণবাড়িয়ার ভাদেরশরা গ্রামের মো. বাছির মিয়ার ছেলে মো. মনির হোসেন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার মো. হাশেম মিয়ার ছেলে মো. সজল।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানান। এর আগে রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ওই দুজনকে গাঁজাসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ও ডিবি পুলিশ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশনে পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় ১১ কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়।
আসামিরা জানান, প্রায় সময় তারা ভারতীয় সীমান্ত থেকে গাঁজা সংগ্রহ করে ট্রেনযোগে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সরবরাহ করে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত তারা গাঁজা নিয়ে গন্তব্যে যেতে পারেননি। এর আগেই পুলিশ তাদের গ্রেপ্তার করে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এস.এম. শফিকুল ইসলাম বলেন, রেলওয়ে স্টেশনে পৃথক স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে অপরাধ নিয়ন্ত্রণ করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন