কক্সবাজারের চকরিয়া থানার সামনে দিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাটি ঘটে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক কিশোররা হলেন—মো. মারুফ (২০), মো. সাজ্জাদ (১৯), শোয়াইব (২২), মো. মারুফ (১৭), ওমর ফারুক (১৮) ও রাফি (১৬)।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকেলে কয়েকজন কিশোর একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে চকরিয়া থানার সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় স্থানীয় কয়েকজন তাদের স্লোগান না দিতে অনুরোধ করেন। তবে তারা সে অনুরোধ উপেক্ষা করে স্লোগান দিতে থাকেন।
ঘটনার সময় থানার মূল ফটকের সামনেই উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন। পরিস্থিতি বুঝে তিনি নিজেই দৌড়ে অটোরিকশার পিছু নেন এবং অটোরিকশাসহ ছয় কিশোরকে আটক করেন।
ওসি মো. মনির হোসেন বলেন, ছদ্মবেশে অটোরিকশা নিয়ে কয়েকজন কিশোর স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন