রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ছোট ঘিকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে একটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরা হাসান।
তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদ্যালয়ে চারটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। গত ৯ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করে একটি ক্যামেরা খুলে নিয়ে যায়। তবে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন থাকায় চোরদের কোনো ফুটেজ পাওয়া যায়নি।
ঘটনার পর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। একই সঙ্গে বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান প্রধান শিক্ষক।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার স্কুল ছুটির পর শিক্ষকেরা ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে চুরি হলেও ফুটেজের মাধ্যমে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে বিদ্যালয়ের বাকি তিনটি সিসি ক্যামেরা দিয়ে নজরদারি কার্যক্রম চালু রয়েছে।
উল্লেখ্য, রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে মোট ১৯৮টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৬ জন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন