বগুড়ার কাহালু মহাসড়কে পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাহালু থানার মুরইল বাসস্ট্যান্ড এলাকার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করে কাহালু থানার পুলিশ।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত যুবকের নাম নয়ন ইসলাম (৩০)। তিনি ঢাকার উত্তরখান এলাকায় এম এ খান ফ্যাশন নামের একটি গার্মেন্টের কর্মী ছিলেন। তার বাড়ি সারিয়াকান্দি উপজেলায়।
কাহালু থানার ওসি গোলাম মোস্তফা বলেন, আজ সকাল ৬টার দিকে স্থানীয় বাসিন্দাদের কাছে সংবাদ পেয়ে মহাসড়কে পড়ে থাকা লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পকেটে থাকা আইডি কার্ড থেকে তার নাম ও পেশা জানা গেছে। ধারণা করা হচ্ছে, গভীর রাতে কোনো যানবাহন থেকে মহাসড়কে পড়ে যাওয়ার পর অন্য কোনো যানবাহন যুবকের মাথা থেঁতলে দিয়ে চলে যায়। নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তারা থানায় এলে বিস্তারিত জানা যাবে। লাশ মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন