চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকা থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ-এর স্ত্রী রুকমিলা জামানের ব্যক্তিগত গাড়িচালক ইলিয়াস তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১টার দিকে শিকলবাহা পুলিশ ফাঁড়ির একটি দল ফকিরা মসজিদ সংলগ্ন তালুকদার বাড়িতে অভিযান চালায়। এসআই সামিউর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ৫৫ বছর বয়সী ইলিয়াস তালুকদারকে আটক করা হয়।
ইলিয়াস তালুকদার শিকলবাহা ৮ নম্বর ওয়ার্ডের মৃত সালেহ আহমেদের ছেলে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, ইলিয়াস তালুকদার দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
এর আগে কয়েক মাস পূর্বে দুদকের অভিযানে ইলিয়াসের বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উদ্ধার করা কাগজপত্রে বিদেশে সম্পদ অর্জন, অর্থপাচার এবং বিভিন্ন ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। দুদক জানিয়েছিল, জব্দ নথিগুলো যাচাই-বাছাই শেষে আইনি প্রক্রিয়ায় উপস্থাপন করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন