ঠাকুরগাঁওয়ে র্যাবের অভিযানে আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা দামের একটি কষ্টি পাথরের মূর্তিসহ লাল মিয়া নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৩। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের কার্তিকতলা গ্রামে অভিযানে যায়।
অভিযানের সময় একটি কালো রঙের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটির দৈর্ঘ্য ৩৫ ইঞ্চি, প্রস্থ ১৫ দশমিক ৫০ ইঞ্চি এবং ওজন ৫০ কেজি ৯০০ গ্রাম। অভিযানে লাল মিয়াকে আটক করা হয়।
আটককৃত লাল মিয়া (৬০) সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের কার্তিকতলা গ্রামের মৃত ফজল হক মন্ডলের ছেলে।
ভুল্লি থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানিয়েছেন, কষ্টি পাথরের মূর্তি উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় লাল মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জব্দকৃত মূর্তিটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
ওসি আরও বলেন, আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি (১)(এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন