মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৭ জন এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার বালিয়া গ্রামের নাসির হাওলাদারের সঙ্গে একই এলাকার আইয়ুব আলী মাতুব্বরের সঙ্গে বিরোধ চলছিল। সকালে আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে সুমাইয়ার সঙ্গে নাসির হাওলাদারের স্ত্রী রুনি বেগমের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ নিয়ে দুপুরে নাসির হাওলাদারের স্ত্রী ও মেয়ে দু’জনে মিলে সুমাইয়াকে মারধর করে।
এরই জেরে রাতে নাসির হাওলাদার ও আইয়ুব আলী মাতুব্বরের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আহত হয় অন্তত ৭ জন। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে র্যাব ও পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন