ঝিনাইদহের কালীগঞ্জে চার বছরের শিশু তাবাসসুম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় নারীরা।
রোববার (১ মার্চ) সকালে উপজেলার বারোবাজার বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক নারী অংশগ্রহণ করেন। এ সময় অভিযুক্ত আবু তাহেরের দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে প্রতিবাদ জানান এবং ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, তাবাসসুমের মতো নিষ্পাপ শিশুকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ ধরনের নৃশংস ঘটনা সমাজের জন্য চরম উদ্বেগজনক। তারা আরও বলেন, অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া নারীরা বলেন, তারা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। তাবাসসুম হত্যার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন নির্মম ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন