সেন্ট মার্টিনের গভীর সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ১৫ মানব পাচারকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করা হয়েছে।
রোববার (১ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক ব্যক্তি সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে।
তথ্যের ভিত্তিতে রোববার (১ মার্চ) মধ্যরাত ৩টায় ‘অপারেশন সমুদ্র প্রহরা’য় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে আভিযানিক দল একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়।
আটক বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং ১৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।
উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও স্বল্প খরচে বিদেশযাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় নেওয়ার পরিকল্পনা করছিল।
উদ্ধারকৃত ব্যক্তি ও আটক মানব পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, মানব পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন