নড়াইলের লোহাগড়া উপজেলায় মোটরপাম্প চুরিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ ১২ জন আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের মধ্যপাড়া বটতলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নড়াইল জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে গত শুক্রবার দুপুরে একটি মোটরপাম্প পাম্প চুরির ঘটনা নিয়ে ইউপি সদস্য জিরু কাজী গ্রুপ ও আক্তার হোসেন গ্রুপের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
ওই ঘটনার জের ধরে শনিবার (৭ মার্চ) সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে লক্ষ্মীপাশা ইউনিয়নের ইউপি সদস্য জিরু কাজীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নড়াইল জেলা হাসপাতালসহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, বাঁকা গ্রামের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১০/১২ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন