ভোলার চরে তরমুজ কাটতে গেলে চাষিদের ওপর হামলা চালিয়েছে জলদস্যুরা। এতে সুমন সর্দার নামে এক চাষি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন চাষি আহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চরে এ ঘটনা ঘটে।
আহত চাষি সুমন সর্দার জানান, চরে প্রায় ২০০ একর জমিতে তারা তরমুজের আবাদ করেছেন। ফসল পাকার পর আজ তরমুজ কাটতে গেলে হালিম, মিন্টু, ইকরাম ও সেলিম খাঁ নামের কয়েকজন ব্যক্তি টাকা দাবি করে এবং না দিলে তরমুজ কাটতে দেবে না বলে বাধা দেয়।
এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে জলদস্যুরা চাষিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে সুমন সর্দার গুলিবিদ্ধ হন এবং রিয়াজ, ফয়ছাল, জুয়েল, সিরাজ ও রিপন আহত হন। আহতদের মধ্যে পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এদিকে চরের এলাকায় প্রভাবশালী কয়েকটি চক্রের ছত্রছায়ায় হামলা, লুটপাট ও দখলদারিত্বের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন চাষিরা। তারা এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন