ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রামে বাড়ছে ছিনতাই, দুই সপ্তাহে গ্রেপ্তার ৩৯৩

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৭:১৪ পিএম
ছবি- সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে দিন দিন বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইকারীদের তৎপরতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ঈদের কেনাকাটায় বের হওয়া মানুষই তাদের প্রধান লক্ষ্য।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অধীন কয়েকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন গড়ে তিন থেকে চারটি ছিনতাইয়ের অভিযোগ থানায় জমা পড়ছে।

তবে ভুক্তভোগীদের অভিযোগ, অনেক ক্ষেত্রে পুলিশ মামলা না নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করেই দায় সারছে।

অপরাধ দমনে গত ২ মার্চ থেকে সিএমপি বিশেষ অভিযান ‘এস ড্রাইভ’ শুরু করেছে। ওই অভিযানের দুই সপ্তাহে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অর্ধেকেরও বেশি ছিনতাইকারী হওয়ায় নগরীতে ছিনতাই বৃদ্ধি পাচ্ছে।

সিএমপি সূত্রে জানা গেছে, চলমান অভিযানে গত দুই সপ্তাহে মোট ৭৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩৯৩ জন ছিনতাইকারী, ১০০ জন মাদক কারবারি, ৩১ জন চাঁদাবাজ, ১৫১ জন কিশোর গ্যাং সদস্য এবং ৭৩ জন জুয়াড়ি রয়েছে।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় ১ লাখ ৯৮ হাজার ৩৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ৬৮০ গ্রাম ও ১৭৮ পুরিয়া গাঁজা, ৪৮ ক্যান বিয়ার এবং ১০৪ লিটার চোলাই মদ।

এছাড়া উদ্ধার করা হয়েছে ১টি বিদেশি স্টেনগান (এসএমজি), ১টি বিদেশি সাবমেশিনগান (এসএমসি), ১টি ওয়ান-শুটার গান, ৩টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলভার এবং ১টি দেশীয় পাইপগান।

এর পাশাপাশি ৪৭৩ রাউন্ড পিস্তলের গুলি, ৭৬টি শটগানের কার্তুজ, এসএমজির ৩টি ম্যাগাজিন এবং পিস্তলের ৩টি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। অভিযানে বিভিন্ন দেশীয় অস্ত্র, একটি মোটরসাইকেল ও ৪০টি চোরাই মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (সদর) আমিনুর রশিদ বলেন, ‘নগরীতে অপরাধ দমনে পরিচালিত অভিযানে ৭৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’