পবিত্র ঈদকে ঘিরে নাটোরের গুরুদাসপুর উপজেলার চরবালশা গ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা। ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে স্থানীয় যুবসমাজ ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এই খেলাটির আয়োজন করা হয়।
ঈদের চতুর্থ দিনে উপজেলার চরবালশা একটি খোলা মাঠে আয়োজিত এ লাঠিখেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক ভিড় জমায়। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব বয়সি মানুষের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।
খেলায় অংশগ্রহণকারী লাঠিয়ালরা দলে দলে বিভক্ত হয়ে দক্ষতার সঙ্গে লাঠির নানা কৌশল প্রদর্শন করেন। দ্রুত গতি, তাল-লয় এবং সমন্বিত আক্রমণ-প্রতিরক্ষার দৃশ্য দর্শকদের মুগ্ধ করে। অনেকেই মোবাইল ফোনে এই ঐতিহ্যবাহী খেলার ভিডিও ধারণ করেন।
আয়োজকরা জানান, গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই তাদের এই উদ্যোগ। তারা বলেন, লাঠিখেলা শুধু একটি খেলা নয়, এটি আমাদের ঐতিহ্য ও ইতিহাসের অংশ। এই আয়োজনের মাধ্যমে আমরা সেটিকে আবারও সবার সামনে তুলে ধরতে চাই।
স্থানীয় প্রবীণ ব্যাক্তি ছলিমউদ্দিন জানান, একসময় গ্রামবাংলায় লাঠিখেলা ছিল খুবই জনপ্রিয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি অনেকটাই বিলুপ্তির পথে। এমন আয়োজন ভবিষ্যতে এই ঐতিহ্য টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

-20260325161133.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন