চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ফুয়েল কার্ড সংগ্রহ করতে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
সোমবার (৩০ মার্চ) সকাল থেকে জেলার চার উপজেলার শত শত চালক প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি জমা দিতে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে পড়েন। আবেদন করলেও কার্ড কবে হাতে পাবেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাচ্ছেন না তারা। আজই কার্ড দেওয়া হবে কি না, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
চালকদের অভিযোগ, নিজ নিজ উপজেলায় আবেদন গ্রহণের ব্যবস্থা থাকলে এ দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব হতো।
জেলা প্রশাসন জানিয়েছে, আজ ও আগামীকালের মধ্যে ফুয়েল কার্ড সংগ্রহ না করলে জ্বালানি তেল দেওয়া হবে না। আগামী ১ এপ্রিল থেকে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ২২টি পেট্রোল পাম্পে ফুয়েল কার্ডধারীদের তেল সরবরাহ করা হবে।
তবে ডিজেল নিতে কোনো ফুয়েল কার্ডের প্রয়োজন হবে না। কৃষকদের জন্য ২৪ ঘণ্টা পেট্রোল পাম্পে ডিজেল সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।
জেলায় তেলের কৃত্রিম সংকট নিরসনে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছেন।

-20260330114653.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন