মৌলভীবাজারে ইঞ্জিন বিকলের ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকলেও প্রায় সোয়া তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার আলীনগর গ্রামের কাছে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে পুরো রুটে চলাচল বন্ধ হয়ে যায়।
পরে সকাল সোয়া ৯টার দিকে সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি শমশেরনগর স্টেশনে নেওয়া হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
শমশেরনগর সহকারী স্টেশন মাস্টার সাগর সিংহ জানান, বিকল্প ইঞ্জিনের সহায়তায় ট্রেনটি দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে, ফলে রেল যোগাযোগ স্বাভাবিক করা গেছে।
ট্রেনের এক যাত্রী জানান, চলন্ত অবস্থায় হঠাৎ ট্রেন থেমে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইঞ্জিনের চাকা জ্যাম হয়ে রেলের সঙ্গে ঘর্ষণে আগুনের স্ফুলিঙ্গ দেখা গেলেও আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি।
এ ঘটনায় সিলেটগামী কয়েকশ যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
এদিকে কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, বিকল্প ইঞ্জিন দ্রুত পৌঁছানোয় বড় ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন