নরসিংদীতে তেল, গ্যাস ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নরসিংদী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শিউলী রহমান তিন্নি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আশিকুর রহমান, নরসিংদী ডিজিএফআই-এর সহকারী পরিচালক মো. ইউনুছ আলী, র্যাব-১১-এর সিপিএসসি নরসিংদীর উপসহকারী পরিচালক (ডিএডি) আবু বক্কর মোহাম্মদ হেলাল, নরসিংদী সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক এম. এ. আউয়াল এবং নরসিংদী জেলা পেট্রোলপাম্প অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলার ৬টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন ভার্চুয়ালি যুক্ত হয়ে আলাপ-আলোচনার মাধ্যমে দিকনির্দেশনা দেন। এছাড়া উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ তাদের নিজ নিজ এলাকায় স্থাপিত প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োজিত রাখবেন এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া ফুয়েল কার্ডের মাধ্যমে মোটরসাইকেলে ৩০০ টাকার তেল সরবরাহ করা হবে। হেলমেট এবং গাড়ির লাইসেন্স না থাকলে তাকে তেল দেওয়া হবে না। প্রতিটি পেট্রোল পাম্পে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। কোনো পাম্প মালিক অবৈধভাবে তেল পাচারের চেষ্টা করলে তার লাইসেন্স বাতিল করা হবে। অপরদিকে রোড পারমিট ছাড়া নরসিংদী জেলায় কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়। আর এ সকল তদারকি করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত সর্বক্ষণ নিয়োজিত থাকবে।

