জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে সময়মতো চিকিৎসক না থাকায় চিকিৎসা না পেয়ে জোসনা আরা (৬৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বুকে ব্যথা নিয়ে তিনি হাসপাতালে আসেন। নিহত জোসনা আরা নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন।
স্বজনদের অভিযোগ, হাসপাতালে আনার পর জরুরি বিভাগে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। পরে দায়িত্বরত এক সহকারী চিকিৎসককে ফোন দিলে প্রায় ২০ মিনিট পর আসেন। এ সময় রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে কিছু প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও রোগী মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. সুমাইয়া তৃষা তখন দুপুরের খাবারের জন্য বাইরে ছিলেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ রোগীকে দেখতে গিয়ে তাকে মৃত অবস্থায় পান।
নিহতের মেয়ের জামাই হোসেন আলী অভিযোগ করেন, সময়মতো চিকিৎসক না থাকায় তার শাশুড়ির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
তবে ডা. সুমাইয়া তৃষা বলেন, তিনি খাবারের জন্য বাইরে ছিলেন। খবর পেয়ে দ্রুত এসে রোগীকে পরীক্ষা করে মৃত অবস্থায় পান। তার দাবি, সে সময় জরুরি বিভাগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, ঘটনার পর স্বজনরা হাসপাতালে বিক্ষোভ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা সিভিল সার্জন ডা. আল মামুনও জানিয়েছেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন