চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাকিব হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আবুল হাসেম (৬০) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হোসেন পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মিয়াজী বাড়ির আবুল হাসেমের ছেলে। তিনি চাঁদপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, দ্রুতগতির অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি খেজুরগাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর দুই আরোহী গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিব হোসেনকে মৃত ঘোষণা করেন। তার বাবা আবুল হাসেম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মৃত রাকিবের বন্ধু মো. রাসেল হোসেন জানান, রাকিব তার বাবার চোখের চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে ঢাকায় যাচ্ছিলেন। পথেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এমদাদুল হক বলেন, রাকিব হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন