নাটোরের বড়াইগ্রামে ৬টি খ্রিষ্টান ধর্মপল্লিতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হয়েছে। রোববার জেলার সবচেয়ে বড় খ্রিষ্টান ধর্মপল্লি বনপাড়া লুর্দের রানী মা মারীয়া ক্যাথলিক চার্চে সকাল ৭টা ও সকাল ৯টায় পৃথক দুটি প্রধান খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়।
এ খ্রিষ্টযাগ পরিচালনা করেন প্রধান পাল-পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা, সহকারী পাল পুরোহিত ফাদার ডক্টর শংকর ডমিনিক গমেজ, ফাদার নিখিল এন্ড্রু গমেজ ও ফাদার আলবার্ট বকুল ক্রুশ। এ ছাড়া উপজেলার বোর্ণী, মানগাছা, গোপালপুর, ভবানীপুর ও কুমুল্লু ক্যাথলিক চার্চে প্রধান খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়।
খ্রিষ্টান ধর্মের বিশ্বাস অনুযায়ী, যিশুখ্রিষ্ট ৪০ দিন যাতনা ভোগ করার পর ক্রুশবিদ্ধ অবস্থায় তাঁর জীবন ত্যাগ করেন এবং এর তৃতীয় দিন, রোববারে তিনি পুনরুত্থিত হন।
এ ৪০ দিন খ্রিষ্টান সম্প্রদায়ের অনুসারীরা উপবাস (রোজা) পালন করেন এবং পুনরুত্থানের দিন উৎসবের মধ্য দিয়ে খ্রিষ্ট অনুসারীরা ইস্টার সানডে পালন করেন।
খ্রিষ্টযাগ শেষে খ্রিষ্টীয় বিশ্বাসীরা নিজ নিজ এলাকায় সামাজিক বৈঠকে অংশ নেন এবং আত্মীয়-স্বজনদের বাড়িতে আনন্দ ও খাবারের আয়োজনের মাধ্যমে মিলিত হন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন