সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের এক মৌয়াল সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে সাপের কামড়ে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সুন্দরবনের মোল্লাখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহত মৌয়ালের নাম কাশেম আলী (৪০)। তিনি গাবুরা ইউনিয়নের গহর খার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অন্যান্য মৌয়ালদের সঙ্গে কাশেম আলী মোল্লাখালী এলাকায় মধু সংগ্রহ করতে যান। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত বিষয়টি বন বিভাগকে জানালে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসে।
পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ সবসময় সতর্ক রয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সুন্দরবনে কাজ করতে গেলে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মৌসুমের শুরুতেই এমন দুর্ঘটনায় মৌয়ালদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন