মুন্সীগঞ্জে প্রায় ১৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ-পরবর্তী ধ্বংস করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি দল মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার এলাকার দুর্গাবাড়ি ও সিপাহিপাড়া–সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানকালে ওই এলাকার তিনটি জাল তৈরির কারখানা ও দুটি গুদামে তল্লাশি চালিয়ে প্রায় ১৩৯ কোটি ২৯ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের পরিমাণ প্রায় ৩ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার মিটার। এ ছাড়া জাল তৈরির কাজে ব্যবহৃত ৩০ হাজার পিস সুতার রিলও জব্দ করা হয়।
পরে মুন্সিগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা কারেন্ট জাল ও সুতার রিল ধ্বংস করা হয়।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন