রাজশাহী রেঞ্জের মার্চ ২০২৬ মাসের সামগ্রিক কার্যক্রম মূল্যায়নে ৮টি জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।
সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার আইনশৃঙ্খলা। সন্ত্রাস ও অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, মামলা নিষ্পত্তি এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবাদানে বিশেষ অবদানের ভিত্তিতেই এই স্বীকৃতি অর্জিত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে ছোঁয়ামনি গার্ডেন প্যালেস রিসোর্টে জেলার রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) পিপিএম (বার), পিএইচডি মোহাম্মদ শাহজাহান।
শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হওয়ায় পুলিশ সুপারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন জেলার পুলিশ সুপাররা, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কর্মকর্তাসহ অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ, সিরাজগঞ্জ জনবান্ধব পুলিশি ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে অপরাধ নির্মূল ও একটি নিরাপদ সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ বলে সংশ্লিষ্টরা জানান।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার বিপিএম (বার) মো. সাইফুল ইসলাম সানতু বলেন, আমরা সিরাজগঞ্জ জেলার প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষা শুধু আমাদের দায়িত্বই নয়, এটি আমাদের নৈতিক অঙ্গীকার।
অপরাধ দমন, মাদক নির্মূল, সেবা প্রদানে স্বচ্ছতা এবং মানবিক পুলিশিং নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা ও সহায়তায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।
এই অর্জন শুধুমাত্র পুলিশ বিভাগের নয়—এটি সিরাজগঞ্জবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা বিশ্বাস করি, জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে সিরাজগঞ্জকে একটি আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য জেলায় পরিণত করা সম্ভব হবে।


