× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা, মুন্সীগঞ্জ ও ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৫:৪৮ পিএম

বজ্রপাতে তিন জেলায় ৫ জনের মৃত্যু

চুয়াডাঙ্গা, মুন্সীগঞ্জ ও ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৫:৪৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশের ৩ জেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এসব হতাহতের ঘটনা ঘটে। চুয়াডাঙ্গায় দুই, মুন্সীগঞ্জে দুই ও ঝিনাইদহ একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

প্রতিনিধিদের পাঠানো খবর:

চুয়াডাঙ্গা

জেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতে স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। দুপুরে জীবননগর ও দর্শনার মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে রাসেল হোসেন (২৫) এবং দামুড়হুদা উপজেলার দর্শনা পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে আজিমুদ্দিন (১৫)। আজিমুদ্দিন দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাসেল হোসেন বাড়ির পাশের ঘোষনগর মাঠে কৃষিজমিতে তামাকের খড়ি গোছানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই সময়ে দর্শনা পারকৃষ্ণপুর গ্রামের বালিগাদার মাঠে আজিমুদ্দিন তার বাবার জন্য খাবার নিয়ে যায়। এ সময় তাদের ফসলের জমিতে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জীবননগর থানার ওসি সোলাইমান শেখ এবং দর্শনা থানার ওসি মো. মেহেদী হাসান এই দুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মুন্সীগঞ্জ

জেলার টঙ্গীবাড়ী উপজেলায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে পৃথক স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার আড়িয়াল ইউনিয়নের বিসাউল্লাহ গ্রামের রিজান ঢালী (১৮) এবং দিঘিরপাড় ইউনিয়নের হাইয়ারপাড়া গ্রামের আরাফাত খা (২২)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রিজান ঢালী বন্ধুদের সঙ্গে ফজুশাহ শোলাকান্দা বিলে ফুটবল খেলছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিজান বিসাউল্লাহ গ্রামের মনির ঢালীর ছেলে।

অন্যদিকে, আরাফাত খা নিজ বাড়ির সামনের সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি হাইয়ারপাড়া গ্রামের জসিম খার ছেলে।

টঙ্গীবাড়ী থানার ওসি মো. মনিরুল হক ডাবলু জানান, বজ্রপাতে দুই যুবকের মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঝিনাইদহ

জেলার মহেশপুরে বৃষ্টি চলাকালে বাড়িতে কাজ করা অবস্থায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বাথানগাছি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রোজিনা খাতুন (৩২)। তিনি বাথানগাছি গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিজ বাড়িতে গৃহস্থালির কাজ করছিলেন রোজিনা খাতুন। ওই সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি চলাকালে আকস্মিকভাবে বজ্রপাত আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ওই গৃহবধূর মৃত্যু হয়।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Link copied!