নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (২ মে) ভোরে উপজেলা চত্বরের সরকারি কোয়ার্টারে উপপ্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাত দল।
ভুক্তভোগী উপপ্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ভোররাতে বৃষ্টি হচ্ছিল। রাত আনুমানিক ৩টার দিকে মুখে গামছা বাঁধা তিনজনের একটি ডাকাত দল তার বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল।
তারা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর ডাকাতরা তার স্ত্রীর গলা থেকে সোনার চেইন, হাতে আংটি, রুপার নূপুর এবং ঘর থেকে নগদ ২০ হাজার টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ডাকাতরা চলে গেলে ভুক্তভোগীদের চিৎকারে পাশের কোয়ার্টারের লোকজন বিষয়টি টের পান এবং তাদের উদ্ধার করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম বলেন, উপজেলা পরিষদের প্রাচীরের পাশ থেকে খোয়া যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন