রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, সবুজায়নের নগরী রাজশাহীকে আরও সমৃদ্ধ করা হবে। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার টক-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি পরিচ্ছন্ন ও সম্ভাবনাময় বিশ্ববিদ্যালয়। দক্ষ উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমানের নেতৃত্বে এখানে অভিজ্ঞ শিক্ষকরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করছেন। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ-বিদেশে মেধার স্বাক্ষর রেখে চলেছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। তিনি বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মমুখী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে দক্ষতা অর্জনের বিকল্প নেই।
তিনি আরও বলেন, সম্মানিত অতিথিদের উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় তাদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দীন। শুভেচ্ছা বক্তব্য দেন সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম মকসুদুর রহমান। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ মাহমুদুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ফারহাত তাসনীম। সমাপনী বক্তব্য রাখেন এনবিআইইউ’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আফরোজা আখতার।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার, কুইজ প্রতিযোগিতার পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহারসামগ্রী প্রদান করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন