বরগুনায় হত্যা মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ৬ সদস্য। এ ঘটনায় মূল আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) রাত ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জাকিরতবক গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন, ডিবির এএসআই অনিক, ডিবি পুলিশের সদস্য প্রিন্স, মাহমুদ, অমিত, আবদুল্লাহ ও সবুজ। আহত পুলিশ সদস্যদের বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।
ডিবি পুলিশের এসআই মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. জহিরুল ইসলাম সিকদারকে (২৬) গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তাকে তার নিজ বসতঘর থেকে আটক করা হলে তিনি গ্রেপ্তার এড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন।
এ সময় তার স্ত্রী, ভাই ও স্বজনরা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। পুলিশ সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও অভিযুক্তদের সমর্থনে ৫০-৬০ জন নারী-পুরুষ দেশীয় অস্ত্রসহ ডিবি পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
হামলায় ডিবি পুলিশের ৬ সদস্য আহত হন। পরে বরগুনা সদর থানা, জেলা পুলিশ লাইন ও ডিবির অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে হত্যা মামলার আসামি মো. জহিরুল ইসলাম সিকদার (২৬), তার স্ত্রী জান্নাতী (২০), মোসা. মানসুরা (৩০) ও আমেনা (৩৭) নামে আরও তিনজনকে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো রামদা, দুটি লাঠি এবং কয়েকটি কাঠের চেড়া উদ্ধার করেছে।
এ ঘটনায় ডিবির এসআই মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে বরগুনা থানায় পুলিশের কাজে বাধা প্রদান সহ হামলার ঘটনায় মামলা দায়ের করেছেন।
বরগুনা সদর থানার ওসি মো. আ. আলীম জানান, ডিবি পুলিশের অভিযানের সময় ডিবি সদস্যদের ওপর হামলা চালিয়ে অবরুদ্ধ রাখা হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনা স্হল থেকে তাদের উদ্ধার করে আনা হয়। হামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ডিবির ওসি মো. আনোয়ার হোসেন বলেন, হত্যা মামলার আসামি জহিরুলকে গ্রেপ্তারে ডিবি টিমের অভিযান পরিচালনা কালে আসামির অনুসারীরা হামলা চালায়। তিনি বলেন আসামি জহিরুলের বিরুদ্ধে চিহ্নিত মাদক কারবারি ও ডাকাতি ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

-20260520211119.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন