ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহী, উত্তরবঙ্গ ও ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রায় চার ঘণ্টা পর উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (২১ মে) ভোররাতে এ ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনার মোংলা বন্দর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩টার দিকে ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকার রেল চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে সকাল ৮টার দিকে উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন