কুমিল্লার চৌদ্দগ্রামে হামের উপসর্গে আবদুল আহাদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের বশির আহাম্মদের ছেলে।
বুধবার (৩ জুন) সকালে গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার সকালে আহাদের বমি ও হালকা জ্বর দেখা দেয়। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যায় তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার একাধিকবার বমি হয়। পরে রাত দুইটার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় নেওয়া হয়।
শিশুটির বাবা বশির আহাম্মদ বলেন, ‘কুমিল্লায় নেওয়ার পরও ছেলের অবস্থার উন্নতি হয়নি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার রাত আটটার দিকে তার মৃত্যু হয়।’
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, হামের উপসর্গ নিয়ে সোমবার সন্ধ্যায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে কুমিল্লায় রেফার করা হয়। পরে বুধবার সকালে তার মৃত্যুর খবর জানা গেছে।
শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন