জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে উঠেছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের কোমারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (৫ জুন) বিকেলে ভুক্তভোগীর বাবা সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নুরুল ইসলামের ছেলে ইব্রাহীম (৪০) দীর্ঘদিন ধরে ভুক্তভোগী কিশোরীর বাড়ির মোবাইল নম্বরে ফোন করে তাকে বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। ভয়ের কারণে কিশোরী বিষয়টি পরিবারের কাউকে জানায়নি।
ঘটনার দিন বিকেলে কিশোরীটি অভিযুক্তের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ইব্রাহীম জোরপূর্বক তাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। পরে তাকে একটি কক্ষে আটকে রেখে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত কিশোরীকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত ইব্রাহীম কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে ভুক্তভোগী ও তার পরিবার সরিষাবাড়ী থানায় গিয়ে আশ্রয় নেয়। শুক্রবার বিকেলে কিশোরীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন