মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা সাব্বির শেখ (৩৫) ফের গ্রেপ্তার হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে একই দিন রাত সাড়ে ৮টার দিকে বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পরিবারের লোকজন ও পুলিশের মধ্যে হট্টগোলের একপর্যায়ে হ্যান্ডকাফ পরানো অবস্থায় তিনি পালিয়ে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালে শ্রীনগর থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আওয়ামী লীগ নেতা সাব্বির শেখ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতেই পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তাকে হ্যান্ডকাফ পরানো হলে পরিবারের সদস্যরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এতে আশপাশের লোকজন জড়ো হয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সুযোগ বুঝে তিনি হ্যান্ডকাফসহ পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান।
শ্রীনগর থানার ওসি জুয়েল মিয়া জানান, হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া ওই আওয়ামী লীগ নেতা ও মামলার পলাতক আসামি সাব্বির শেখকে ধরতে পুলিশ রাতেই বিশেষ অভিযান শুরু করে। পরে পালানোর প্রায় তিন ঘণ্টার মধ্যেই তাকে ফের গ্রেপ্তার করা সম্ভব হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন