নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৯টি মামলার আসামি, দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান ওরফে ‘জঙ্গী সোহান’কে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকা এই কুখ্যাত অপরাধীর গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১ জুলাই) দুপুরে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত সোহান উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের পশ্চিম হাবিবপুর (মাঝিপাড়া) এলাকার দুলাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় গত ৩০ জুন রাতে সোনারগাঁ থানার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। উপ-পরিদর্শক (এসআই) মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে জঙ্গী সোহানকে গ্রেপ্তার করা হয়।
ওসি গোলাম সারোয়ার জানান, সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র, গণধর্ষণ, ডাকাতি ও দস্যুতাসহ মোট ১৯টি মামলা রয়েছে। অধিকাংশ মামলাতেই তিনি এজাহারভুক্ত আসামি। ২০১৮ থেকে ২০২৬ সালের মধ্যে দায়ের হওয়া এসব মামলায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় ডাকাতির প্রস্তুতি, ৩৯৫/৩৯৭ ধারায় ডাকাতি ও দস্যুতা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারাসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলাও রয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে জঙ্গী সোহান এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও ডাকাতির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তাকে গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে বলে পুলিশ আশা করছে।
পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন