× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০১:০৩ এএম

জাতিকে রাজপথে ঠেলে না দিয়ে সংস্কার কমিশন গঠন করুন: মিয়া গোলাম পরওয়ার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০১:০৩ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতির প্রত্যাশা পূরণে আর বিলম্ব না করে চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে। গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে গড়িমসি করা হলে দেশকে অপ্রয়োজনীয় রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হবে। তাই জাতিকে রাজপথে ঠেলে না দিয়ে দ্রুত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

শনিবার (১১ জুলাই) বিকেলে গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর মহানগরের উদ্যোগে আয়োজিত ‘জুলাই সনদ, নতুন বাংলাদেশ নির্মাণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই জাতীয় সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৪৭টি সংবিধান সংশোধনের মাধ্যমে এবং ৩৭টি নির্বাহী আদেশ বা নতুন আইন প্রণয়নের মাধ্যমে বাস্তবায়নের বিষয়ে জাতীয় ঐকমত্য হয়েছিল। কিন্তু বাস্তবে সনদ বাস্তবায়নের কথা বলা হলেও প্রশাসন, স্থানীয় সরকার, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা জুলাই আন্দোলনের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই। জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত শুরু না হলে গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগ, আইনসভা ও নির্বাহী বিভাগের মধ্যে কার্যকর ভারসাম্য নিশ্চিত করাই সংবিধানের অন্যতম মৌলিক লক্ষ্য। সংবিধানবিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা অসাংবিধানিক ঘোষণা করার এখতিয়ার সুপ্রিম কোর্টের রয়েছে।

তিনি আরও বলেন, জনগণই রাষ্ট্রক্ষমতার প্রকৃত মালিক। জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়িত হলে একটি জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

গাজীপুর মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনায় সঞ্চালনা করেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী।

সেমিনারে দলীয় নেতাকর্মী, আইনজীবী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জুলাই জাতীয় সনদের সংস্কার প্রস্তাবসমূহ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!