সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল চলাকালে দুই ভারতীয় চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে বাহিনীটি।
আজ রোববার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) তলুইগাছা বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, নিয়মিত টহল দেওয়ার সময় সীমান্তের মেইন পিলার-১৩ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৫০ গজ ভেতরে চারাবাড়ি এলাকায় দুই ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নজরে আসে টহল দলের। বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের থামার নির্দেশ দেন এবং পরিচয় জানতে চেয়ে আত্মসমর্পণের আহ্বান জানান। কিন্তু বিজিবির নির্দেশনা অমান্য করে তারা ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন এবং নিজেদের নিরাপত্তা রক্ষা ও অপরাধীদের গতিরোধের স্বার্থে গুলি ছোড়েন। পরে ওই দুই ব্যক্তি সীমান্তবর্তী ঘন ঝোপঝাড়ের সুযোগ নিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনার পর পর বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট এলাকা ও এর আশপাশে ব্যাপক তল্লাশি অভিযান চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ গুলির ঘটনায় কেউ আহত হননি।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা সুনিশ্চিত করতে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন