চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (১২ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের সমুদ্রবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান এবং মানব ও মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ইপিজেড থানাধীন আকমল আলী ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারিদের একটি গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
কোস্ট গার্ডের দাবি, জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত বিদেশি মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশে ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন