পাবনায় একটি মাদ্রাসার চুরির অপবাদ দিয়ে শিশু শিক্ষার্থীকে নির্মম বেত্রাঘাত ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।
ঘটনাটি গত সোমবার (২০ জুলাই) ঘটলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ভাইরাল হলে সবার নজরে আসে।
অভিযুক্ত শিক্ষক সোহানুর রহমান সোহান (২৫) পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পীরপুর গ্রামের জামিয়াতুস সুন্নাহ আবাসিক হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।
গুরুতর জখমের শিকার শিশু শিক্ষার্থী মাহফুজুর রহমান (১৩) দিনাজরপুর সদর থানার গণির মোড়ে নতুনপাড়া এলাকার সাগর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, গত সোমবার ও মঙ্গলবার দফায় দফায় শিশু শিক্ষার্থী মাহফুজুর রহমানকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে বেত ও লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করেন শিক্ষক সোহানুর রহমান সোহান। এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে মাদ্রাসা থেকে বের করে দেয়।
বিষয়টি মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে স্থানীয়দের নজরে আসে। ঘটনা শুনে ক্ষোভে স্থানীয়রা সন্ধ্যা ৭টার দিকে মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক সোহানকে গণপিটুনি দেয়। পরে তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষক ও আক্রান্ত শিশু শিক্ষার্থীকে স্থানীয়দের সহায়তায় থানায় আনা হয়। পরে অভিযুক্ত শিক্ষক ও শিশুটিকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (২২ জুলাই) অভিযুক্ত শিক্ষক সোহানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শিশুটি বুধবার দুপুরে হাসপাতাল থেকে ছুটি নিয়ে স্থানীয় ওমর ফারুকের জিম্মায় দিয়ে দেয়া হয়। আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন বলে ওসি জানান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন