ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধানের কুঁড়ার ১০০ টাকা নিয়ে বিরোধে যুবক খুন, বরগুনায় চাঞ্চল্য

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৩:৫০ পিএম
প্রতীকী ছবি

বরগুনার আমতলীতে ধানের কুঁড়া ক্রয়কে কেন্দ্র করে মাত্র ১০০ টাকার বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সজীব (২৩)।

রোববার (২৯ মার্চ) রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবার জানায়, সজীবের পিতা আয়নালী আকনের সঙ্গে একই গ্রামের সোনা মিয়া প্যাদার ধানের কুড়া ক্রয়-বিক্রয় নিয়ে ১০০ টাকার বিরোধ চলছিল। এ বিরোধের জেরে গত ২১ মার্চ সকালে প্রতিপক্ষের ৮-৯ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর চালায় এবং আয়নালী আকন, সজীব, আল-আমিন, রুহুল আমিন ও রোকেয়া বেগমসহ অন্তত ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকেও গুরুতর অবস্থার কারণে সজীবকে ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত সজীব মারা যান।

এ ঘটনায় ২২ মার্চ রাতে সোনা মিয়া প্যাদাকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-৯ জনকে আসামি করে আমতলী থানায় মামলা দায়ের করেন নিহতের বড় ভাই রুহুল আমিন।

আমতলী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, এ ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া ৮ জন আদালত থেকে জামিন পেয়েছেন এবং আরও ৪ জন পলাতক রয়েছেন। তিনি আরও জানান, সজীবের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করে তদন্ত কার্যক্রম জোরদার করা হবে।