বরিশালে মধ্যরাতে মোটরসাইকেল নিয়ে নাশতা করতে গিয়ে ট্রাকচাপায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।
শুক্রবার (২ জানুয়ারি) রাত পৌনে ১২টায় শহরের রূপাতলী এলাকার উকিল বাড়ি সড়কের সামনে ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রূপাতলীর বাসিন্দা জুয়েল (২৮) ও রুইয়ার পোল এলাকার বাসিন্দা রাসেল (২৫)। নিহতরা রূপাতলীস্থ এসিআই এনিমেল হেলথের স্টোরে হেলপার পদে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের সহকর্মী ও ঘটনার প্রত্যক্ষদর্শী জিহাদ জানান, রাতে অফিস শেষ করে নাশতা করতে মোটরসাইকেলে করে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন জুয়েল ও রাসেল। এ সময় ঝালকাঠিগামী মালবোঝাই (কুষ্টিয়া-ট ১১-২৫৪৫) ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল প্রাণ হারান। জুয়েলকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়েছে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন