‘পুলিশ কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কাজ করবে না; পুলিশ জনগণের মুখপাত্র হিসেবেই দায়িত্ব পালন করবে’ বলে মন্তব্য করেছেন ভোলায় সদ্য যোগদান করা পুলিশ সুপার (এসপি) শহীদুল্লাহ কায়সার।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় ভোলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের দলীয় প্রভাব বা পক্ষপাতিত্বের সুযোগ নেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোলায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। ভোটাররা যেন নিরাপদ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘৫ আগস্টের পূর্ববর্তী সময়ে পুলিশের পেশাদারিত্বে ঘাটতির কারণে বাহিনীকে নানা ধরনের সংকটের মুখোমুখি হতে হয়েছে। সেসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান পুলিশ প্রশাসন আরও দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
শহীদুল্লাহ কায়সার বলেন, ‘পুলিশ হবে মানুষের শেষ ভরসাস্থল। সাধারণ মানুষ যেন নির্ভয়ে থানায় আসতে পারে এবং ন্যায়বিচার পায়, সে পরিবেশ নিশ্চিত করা হবে। পুলিশের কাছে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই হবে মুখ্য বিবেচ্য বিষয়।’
ভূমিদস্যুতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিষয়ে তিনি বলেন, ‘এসব অপরাধ দমনে ভোলায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয়।’
সাংবাদিকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, ‘পুলিশের কার্যক্রমে গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা কাম্য। গণমাধ্যম সমাজের বাস্তব চিত্র তুলে ধরলে পুলিশের সেবার মান আরও উন্নত হবে।’
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভূমিদস্যুতা, মাদক নিয়ন্ত্রণ ও থানাসেবার মানোন্নয়ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। পুলিশ সুপার এসব প্রশ্নের জবাব দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন