ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, আটক ৫

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৬:৫৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে এবং ৫ জনকে আটক করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার গংগাপুর ইউনিয়নের চরবাঘমারা এলাকার বোরহানউদ্দিন অংশে তেঁতুলিয়া নদীর বাগমারা চরে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রনজিৎ চন্দ্র দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. মনির, হাসান বেপারী, মো. আলমগীর, মো. মিরাজ ও মো. মোকছেদকে আটক করা হয়।

ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার জব্দ করা হয়। রাতে ড্রেজারগুলো আটক করা হলেও সোমবার দুপুরে সেগুলো উপজেলা সদরে আনা হয়। পরে জব্দকৃত ড্রেজার তিনটি সহকারী পরিচালক (বন্দর ও পরিবহণ), ভোলা নদী বন্দরের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস জানান, ‘তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং পরিবেশ ও কৃষিজমির মারাত্মক ক্ষতি হচ্ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।’

বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ‘সহকারী কমিশনার (ভূমি) আটককৃত পাঁচ জনকে বিবাদী করে একটি অভিযোগপত্র দাখিল করেছেন। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযানে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেছে।’