বগুড়ার শেরপুরে শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় রাফিউল ইসলাম (২৩) নামে এক শিবির নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার মহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফিউল ইসলাম শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের রেজাউর করিমের ছেলে। তিনি ইসলামী ছাত্র শিবিরের একজন সাথি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাফিউল শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে এবারের আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।
স্থানীয়রা জানান, শেরপুর বাসস্ট্যান্ড শাহী মসজিদে জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন রাফিউল। মিছিল শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মহিপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির ওরিন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আরেকটি বাসকে ওভারটেক করার সময় তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে রাফিউল ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে, একই দিন ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড় এলাকা থেকে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা মহাসড়কে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শেরপুর হাইওয়ে পুলিশ নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করে।
নিহত ওই ব্যক্তির নাম আব্দুর রশিদ (৩৫)। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর সিংড়া এলাকার বাসিন্দা। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই আল-আমিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে উভয় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরের ঘটনাটি নিশ্চিতভাবে সড়ক দুর্ঘটনা। ভোরে উদ্ধার হওয়া মরদেহের ঘটনাটিও প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

-20251219212551.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন