বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ার দুপচাঁচিয়ায় অনেক মার্কেটের প্রধান ফটকে আজ তালা ঝুলিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। তার মৃত্যুতে দুপচাঁচিয়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
সকালে শহরের পুরাতন বাজার, স্বর্ণপট্টি-মাথা বাজার, থানা বাসস্ট্যান্ড মার্কেট, শহরতলা বাজার রোড, মেইল বাসস্ট্যান্ড মার্কেট, সিও অফিস রোড, কবি এলাকার নিউ মার্কেট, ওবায়দুর মার্কেট, জোবেদা মার্কেট, খন্দকার মার্কেটসহ অধিকাংশ মার্কেট বন্ধ দেখা গেছে। অনেক মার্কেটের প্রধান ফটকে তালা ঝুলানো ছিল।
দুপচাঁচিয়া নিউ মার্কেট কমপ্লেক্সের স্বত্বাধিকারী শামসুদ্দিন প্রামানিক জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে এই মার্কেটের দেড় শতাধিক দোকান বুধবার সারা দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এ ছাড়া সকল ফার্মেসির দোকান দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
শহরের ছোট-বড় মার্কেটগুলোতেও একই চিত্র দেখা গেছে। বিভিন্ন মার্কেটের প্রবেশমুখে কালো পতাকা ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ব্যবসায়ী নেতারা জানান, খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা স্বেচ্ছায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন।
এদিকে সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষণা করায় সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। এ কারণে শহরের রাস্তাঘাটে জনসমাগম তুলনামূলক কম দেখা গেছে।



