বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আকাশ হোসেন (২৪) নামের এক সদ্য বিদেশ থেকে আসা যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ৮ টায় আদমদীঘি-সালগ্রাম সড়কের যোগীহার ঈদগাহ মাঠের পাশে ব্রীজের নিকট এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ হোসেন আদমদীঘি উপজেলার কশাইগাড়ী গ্রামের রুবেল প্রামানিক ধলুর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত আকাশ হোসেন কয়েকদিন পূর্বে বিদেশ থেকে ছুটিতে বাড়ি আসেন। তার বিয়ের জন্য পরিবার থেকে প্রস্ততি গ্রহণ করে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বিদেশ ফেরত আকাশ হোসেন একটি মোটরসাইকেল যোগে তিনি বাড়ি থেকে সালগ্রামের উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে আদমদীঘি-সালগ্রাম সড়কের যোগীহার ঈদগাহ মাঠের পাশে ব্রীজের নিকট পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খেজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে জমিতে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
আদমদীঘি থানার ওসি আতাউর রহমান জানান, এ ঘটনায় কোনো বাদী না থাকায় আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি করে রাতেই পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।


