বগুড়ার ধুনটে জাসাস নেতা ও ছাত্রদল নেতার দায়ের করা পৃথক দুইটি মামলায় যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার পেঁচিবাড়ি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে চৌকিবাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ নাসিম (৩০), তারাকান্দি গ্রামের জেল হোসেনের ছেলে এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিনাহ্ রহমান (৩০) এবং কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট (ইসলামপুর) গ্রামের আব্দুর রহমানের ছেলে ছাত্রলীগ নেতা আশিক হাসান (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় বিএনপির নেতাকর্মীরা ধুনট শহরে বিক্ষোভ মিছিল নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে পথসভা করছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির পথসভায় ককটেল হামলা চালায় এবং ব্যানারে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ১৭ অক্টোবর উপজেলা জাসাসের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরনবী তালুকদার বাদী হয়ে সাংবাদিক, শিক্ষক ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৮১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ওই বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় যুবলীগ নেতা সুলতান মাহমুদ নাসিম এজাহারভুক্ত আসামি হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
অপরদিকে, গত ২৮ মার্চ সকালে উপজেলার খোকসাহাটা গ্রামে ছানোয়ার হোসেনের বাড়িতে কুলখানি অনুষ্ঠানে দাওয়াত খেতে আসেন ছাত্রদল নেতা আব্দুল মোতালিব ও তার বাবা জেল হোসেন। একই বাড়িতে দাওয়াত খেতে আসেন উপজেলার এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অসীম ও তার দলের নেতাকর্মীরা।
দাওয়াত খাওয়ার সময় বসাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। দাওয়াত শেষে পাকুড়িহাটা গ্রামের বাড়ির দিকে রওনা হন ছাত্রদল নেতা আব্দুল মোতালিব ও তার বাবা জেল হোসেন। এ সময় ছাত্রলীগ নেতা অসীমের নেতৃত্বে নেতাকর্মীরা হামলা চালিয়ে তাদের আহত করে।
এ ঘটনায় আব্দুল মোতালিব বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬-৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারনামীয় আসামি হওয়ায় জিনাহ্ রহমান এবং তদন্তে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় ছাত্রলীগ নেতা আশিক হাসানকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারের পর সোমবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’



