বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম হুমায়রা।
বুধবার (১ এপ্রিল) ভোরে শজিমেক হাসপাতালে হামের রোগীদের জন্য খোলা আইসোলেশন ওয়ার্ডে এই শিশু মারা যায়।
দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শজিমেক হাসপাতালের মুখপাত্র ও উপ- পরিচালক মো. মনজুর -এ- মুর্শেদ। তিনি জানান, শিশুটির বাবা-মা বগুড়ার শেরপুরের বাসিন্দা। হুমায়রা নামে এই শিশুটি হামের উপসর্গ নিয়ে গতকাল ভর্তি হয়। তার শরীরে র্যাশ ছিল। পরে ভোরে মারা যায় সে।
শজিমেক হাসপাতালের মুখপাত্র বলেন, ‘আমাদের হাসপাতালে হামের রোগীর জন্য আইসোলেশন বিভাগ খোলা হয়েছে। সেখানে এখন উপসর্গ নিয়ে ১০ শিশু চিকিৎসাধীন। এখন পর্যন্ত আমরা ১৮ টি শিশুর হামের পরীক্ষা করেছি। কোনো শিশুর শরীরে হাম পজিটিভ পাইনি।’
ডা. মো. মনজুর -এ- মুর্শেদ আরও বলেন, এই শিশুটির স্যাম্পল নেয়ার চেষ্টা করেছিল আমাদের চিকিৎসক। তবে শিশুটির অভিভাবক নিতে দেয়নি। তাদের অনুমতি ছাড়া এটা নেয়াও সম্ভব হয় না।


