ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা আখাউড়া কৃষিকাজে বেশির ভাগ লোক নিযুক্ত। বর্তমানে উপজেলার কৃষকরা ইরি-বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন। জমি প্রস্তুতি, পানি সেচ ও চারা রোপণ নিয়ে প্রতিটি মাঠে উৎসবের মতো চিত্র দেখা যাচ্ছে।
গত আমন মৌসুমে ধানের ভালো ফলন ও বিক্রিতে ভালো দাম পাওয়ায় কৃষকরা এবার আরও উৎসাহ নিয়ে বোরো আবাদে নেমেছেন। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, চলতি মৌসুমে ৫ হাজার ৭০৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হবে। রোপিত ধানে রয়েছে ব্রি-২৯, ২৮, ৫০, ৮৫, ৮৭, ৮৮-৯৩, ৯৪, ৯৫সহ উন্নতফলনশীল বিভিন্ন জাত। কৃষকদের বিনা মূল্যে বীজ ও সার সরবরাহ করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, কৃষকরা জমি চাষ, পানি সেচ ও চারা রোপণে ব্যস্ত। কেউ ট্রাক্টর দিয়ে হালচাষ করছেন, কেউ শ্যালো মেশিনে পানি দিচ্ছেন, কেউ চারা উত্তোলন করছেন। শীতের কুয়াশায়ও কৃষকরা মাঠে কাজ করছেন।
কৃষক মো. জালাল মিয়া বলেন, গত আমনে ধানের ভালো ফলন ও দাম পেয়ে এবার ১০ বিঘা জমিতে বোরো আবাদ করব। জমি প্রস্তুত করা শুরু হয়েছে, দু’এক দিনের মধ্যে চারা রোপণ শুরু হবে। উপজেলা কৃষি অফিস থেকে বীজ ও সার পেয়েছি।
আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, উপজেলায় কৃষকরা জমি প্রস্তুত করে বোরো আবাদ শুরু করেছেন। সরকারি সহায়তা হিসেবে বীজ ও সার প্রদান করা হচ্ছে। আবহাওয়া অনুকূল ও সেচ ব্যবস্থা ঠিক থাকলে বোরো ধানের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব।


