জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ সোমবার (২৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় টানা সাত ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (২৫ জানুয়ারি) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন বিজেস্বর ও ভাদুঘর, কাউতলী ও পাইকপাড়া, মেড্ডা ও নাটাই, গোকর্ণঘাট, বিরাসার ও ঘাটুরা এবং আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প—সব ধরনের গ্রাহকই গ্যাস পাবেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কাজ শেষ হলে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন