আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিজের নাম ও ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচার না চালানোর জন্য কঠোর নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
রোববার (১ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ নির্দেশনা দেন তিনি। তিনি বলেন, সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র কিংবা কমিশনার প্রার্থীদের কেউ অনলাইন বা অফলাইনে তার নাম ও ছবি ব্যবহার করে প্রচার চালাতে পারবেন না।
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, পোস্টার ও লিফলেট কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম—যেকোনো মাধ্যমে তার নাম বা ছবি সংযুক্ত করে প্রচার থেকে বিরত থাকতে হবে।
সংসদ সদস্য বলেন, ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে তার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা অনভিপ্রেত। এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখা সবার দায়িত্ব।
তিনি আরও জানান, নির্দেশনা অমান্য করে কেউ তার নাম বা ছবি ব্যবহার করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন